অধিকৃত পশ্চিম তীরের তাইবেহ এলাকায় জলপাই সংগ্রহ করতে গিয়ে ইসরাইলি বসতি স্থাপনকারী উগ্রবাদীদের অতর্কিত হামলায় আক্রান্ত হয়েছেন ইউরোপীয় কূটনীতিক, একজন ফরাসি মেয়র এবং একজন আর্চবিশপ। ফিলিস্তিনিদের নিজস্ব জমিতে ঐতিহ্যগত এই জলপাই সংগ্রহ কার্যক্রমে অংশ নিতে গিয়ে তারা এই সহিংসতার শিকার হন। আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করা এই ঘটনা মধ্যপ্রাচ্য সংকটের গভীরতা আরও বাড়িয়ে দিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গণমাধ্যমকে জানান হয় যে, ফিলিস্তিনি কৃষকদের সঙ্গে সংহতি প্রকাশ করতে এবং তাদের দৈনন্দিন কার্যক্রমে সুরক্ষা দিতে ওই এলাকায় গিয়েছিলেন ইউরোপীয় প্রতিনিধিরা। এসময় উগ্র ইসরাইলি সেটেলাররা লাঠিসোটা ও পাথর নিয়ে তাদের ওপর চড়াও হয়। হামলায় বেশ কয়েকজন আহত হন এবং কূটনৈতিক গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
এই ঘটনার পর কূটনৈতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি সেটেলারদের ক্রমবর্ধমান সহিংসতা এবং আন্তর্জাতিক ব্যক্তিত্বদের ওপর এ ধরণের হামলার ফলে শান্তি প্রক্রিয়া আরও বাধাগ্রস্ত হচ্ছে। বিশ্বনেতারা অবিলম্বে এই ধরণের উসকানমূলক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
আরববাংলা টিভি/ডেস্ক