ভারতের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, আরবি ভাষাবিদ ও শিক্ষাবিদ মাওলানা ড. সাঈদুর রহমান আজমি নদভী মারা গেছেন। বুধবার ৭ অক্টোবর লখনৌতে দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৯২ বছর বয়সে তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ও তার পরিবারিক সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। তার ইন্তেকালে মুসলিম বিশ্বে ও শিক্ষাঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তিনি সারাজীবন ইসলামি শিক্ষা বিস্তার এবং আরবি ভাষা ও সাহিত্যের প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। দারুল উলূম নদওয়াতুল উলামার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে তার ভূমিকা ছিল অপরিসীম।
মাওলানা সাঈদুর রহমান আজমি নদভী কেবল ভারতেই নন, বরং সমগ্র দক্ষিণ এশিয়ায় একজন শীর্ষস্থানীয় আলেম হিসেবে সমাদৃত ছিলেন। তার মৃত্যুতে বিভিন্ন দেশের ইসলামি ব্যক্তিত্ব, পীর-মাশায়েখ ও শিক্ষাবিদরা শোক প্রকাশ করেছেন। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত ও অনুসারীরা লখনৌতে তার বাসভবনে জড়ো হতে শুরু করেছেন। তার জানাজা ও দাফন সম্পন্ন করার জন্য পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন তার এক ঘনিষ্ট সহকর্মী।
তার এই প্রয়াণে উপমহাদেশে ইসলামি জ্ঞানচর্চার একটি যুগের অবসান হলো। তিনি অসংখ্য ছাত্র, গবেষক ও আলেম তৈরি করে গেছেন যারা বিশ্বজুড়ে ইসলামের বহুমুখী খেদমত চালিয়ে যাচ্ছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিভিন্ন ইসলামি সংগঠন বিবৃতি দিয়েছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে বিভিন্ন মসজিদে।
আরববাংলা টিভি/ডেস্ক