শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

বেনাপোল কাস্টমস কর্মকর্তাকে লাথি-ঘুষির অভিযোগ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ ২:৫৬ পূর্বাহ্ণ

বেনাপোল কাস্টমস হাউজের জয়েন্ট কমিশনার সরফুউদ্দিনের বিরুদ্ধে অধীনস্থ এক সহকারী রাজস্ব কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার গুরুতর অভিযোগ উঠেছে। দায়িত্বে অবহেলার অভিযোগ তুলে আরমান হোসেন নামে ওই সহকারী রাজস্ব কর্মকর্তাকে প্রকাশ্যে লাথি ও ঘুষি মারার ঘটনা ঘটে। এই ন্যাক্কারজনক ঘটনার পর কাস্টমস হাউজের সাধারণ কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, কোনো ধরনের প্রশাসনিক নিয়মনীতি বা কারণ দর্শানোর নোটিশ ছাড়াই জয়েন্ট কমিশনার সরফুউদ্দিন চড়াও হন সহকারী রাজস্ব কর্মকর্তা আরমানের ওপর। ক্ষমতার অপব্যবহার করে এমন অসদাচরণ করায় পুরো কাস্টমস চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী কর্মকর্তা ও তার সহকর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ওই কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, দেশের অন্যতম বড় এই স্থলবন্দরে রাজস্ব আদায় ও কাস্টমস সংক্রান্ত কার্যক্রমে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখার তাগিদ দিয়ে আসছেন সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে দায়িত্বশীল পদে থেকে একজন উচ্চপদস্থ কর্মকর্তার এমন মারমুখী আচরণ দাপ্তরিক শৃঙ্খলাকে মারাত্মকভাবে ব্যাহত করছে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরাও। এ বিষয়ে দ্রুত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে ঘটনার সত্যতা যাচাইপূর্বক অভিযুক্ত জয়েন্ট কমিশনারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তার সহকর্মীরা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD