বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ঠাকুরগাঁওয়ে বিগত দিনে যেই উন্নয়ন বিএনপি করতে পারেনি, দাঁড়িপাল্লা প্রতীক নির্বাচিত হলে সেই অঞ্চলের কাঙ্ক্ষিত ও সর্বাঙ্গীন উন্নয়ন নিশ্চিত করা হবে। তিনি বলেন, ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য ও মন্ত্রী হয়ে সর্বশেষ যিনি রাষ্ট্রে সর্বোচ্চ পদে আসীন হয়েছিলেন, তিনি ঠাকুরগাঁওয়ের সামগ্রিক উন্নয়নের জন্য রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও প্রয়োজনীয় ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন।
গণমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, অতীতে সাধারণ মানুষের অধিকার ও চাওয়ার সঙ্গে যে প্রতারণা করা হয়েছে, আসন্ন দিনে ব্যালটের মাধ্যমেই তার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে ঠাকুরগাঁওয়ের সচেতন ও দেশপ্রেমিক জনতা। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের জাতীয় করণীয় সম্পর্কে আলোকপাত করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।
এ সময় স্থানীয় জামায়াত ও সমমনা রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আরববাংলা টিভি/ডেস্ক