শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

জামালপুরে ৯০ লাখ টাকার ভারতীয় থান কাপড় জব্দ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ ৪:৩৭ অপরাহ্ণ

জামালপুরের সীমান্ত এলাকায় বিজিবি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৯০ লাখ টাকার ভারতীয় থান কাপড় জব্দ করেছে। নৌকাযোগে চোরাচালানের মাধ্যমে এসব অবৈধ পণ্য বাংলাদেশে নিয়ে আসা হচ্ছিল বলে জানিয়েছে সীমান্ত রক্ষী বাহিনী। শুক্রবার মধ্যরাতে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর সীমান্ত এলাকার একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন বিজিবির টহল দলের সদস্যরা। এ সময় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযের অংশ হিসেবে একটি সন্দেহভাজন নৌকাকে থামার সংকেত দেওয়া হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত নদীতে ঝাঁপ দিয়ে এবং অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ফলে এই সফল অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে চোরাকারবারিদের ফেলে যাওয়া নৌকাটিতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় উদ্ধার করা হয়। জব্দকৃত থান কাপড়ের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা বলে নিশ্চিত করেছে বিজিবি। এছাড়া চোরাচালানের কাজে ব্যবহৃত নৌকাটিও জব্দ করা হয়েছে।

সীমান্ত সুরক্ষায় এবং দেশের অর্থনীতিকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্ট বিজিবি কর্মকর্তারা। জব্দকৃত ভারতীয় থান কাপড় কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে। দেশের সীমান্ত দিয়ে অবৈধভাবে যেকোনো ধরনের চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানানো হয়।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD