বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার এনসিপির সহদপ্তর সম্পাদক ইফতেখারুল ইসলামের গণমাধ্যমকে জানান পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এই অভিনন্দন জানানো হয়।
বার্তায় বলা হয়, বাংলাদেশি বরেণ্য ইসলামী পণ্ডিত হাফেজ্জী হুজুর রহ. প্রতিষ্ঠিত এই দলটি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে দেশের মানুষের অধিকার আদায়ে এবং ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভলগ্নে দলটির উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আরও আশা প্রকাশ করা হয় যে, দেশের বর্তমান গণতান্ত্রিক উত্তরণ এবং জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে খেলাফত আন্দোলনসহ সকল দেশপ্রেমিক ও স্বাধীনতাকামী শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করবে। বিশেষ করে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত হয়ে একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখা জরুরি বলে বার্তায় উল্লেখ করা হয়।
উল্লেখ্য, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও মতের মানুষের ওপর নানামুখী দমনপীড়ন চালানো হয়েছিল। সে সময়ও বিভিন্ন রাজনৈতিক দল নানা প্রতিকূলতার মাঝে নিজেদের আদর্শ ও কর্মসূচি চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে। সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন গতিশীলতা এসেছে, যেখানে বিভিন্ন দলের পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও শুভেচ্ছা বিনিময় দেশের গণতান্ত্রিক সংস্কৃতিকে আরও সুদৃঢ় করবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
আরববাংলা টিভি