সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

নিষেধাজ্ঞার মুখে এবার যুক্তরাষ্ট্রের ৫ কোম্পানি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪ ১:২৯ অপরাহ্ণ

এবার নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করায় দেশটির পাঁচ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দেয়ার ঘোষণা দিয়েছে চীন। নিষেধাজ্ঞায় পড়তে যাওয়া কোম্পানিগুলো হলো- বিএই ল্যান্ড অ্যান্ড আর্মমেন্টস, অ্যালায়েন্ট টেকসিস্টেম অপারেশনস, অ্যারোভাইরোনমেন্ট, ভিয়াসাত এবং ডাটা লিংক সলুশনস।

রোববার (৭ জানুয়ারি) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

চীনের পক্ষ থেকে নিষেধাজ্ঞার ঘোষণা দেয়া হলেও, বিষয়টি নিয়ে বেইজিংয়ের মার্কিন দূতাবাস কোনো মন্তব্য করেনি।

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, পাঁচটি মার্কিন সমরাস্ত্র নির্মাণ প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেবে বেইজিং। যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি করায় এসব প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

তিনি বলেন, নিষেধাজ্ঞার আওতায় পড়া এসব কোম্পানির সম্পত্তি জব্দ করা হবে। প্রতিষ্ঠানগুলো বা তাদের সংশ্লিষ্ট ব্যক্তিদেরকেও চীন থেকে নিষিদ্ধ করা হবে।

এর আগে, গত বছরের অক্টোবরে উন্নত চিপ রপ্তানিতে চীনের উপর নতুন নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। তাতে চরম অসন্তোষ প্রকাশ করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, বাইডেন প্রশাসনের এ নিষেধাজ্ঞা বাজার অর্থনীতি ও ন্যায্য প্রতিযোগিতার নীতিগুলো লঙ্ঘন করেছে।

এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, মূলত যুক্তরাষ্ট্র চায় না অত্যাধুনিক চিপ কাজে লাগিয়ে চীন হাইপারসনিক মিসাইল ও এআই সংবলিত যুদ্ধাস্ত্র তৈরি করুক। আর নতুন নিষেধাজ্ঞাগুলো এমনভাবে দেয়া হয়েছে, যার মাধ্যমে চীনের সামরিক বাহিনী উন্নতমানের চিপ আমদানির সুযোগ হারিয়ে ফেলবে।

তাইওয়ানের কাছে বারবার যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি নিয়ে ওয়াশিংটন-বেইজিংয়ের মধ্যকার উত্তেজনা অনেক আগের। কারণ তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে আসছে চীন। অন্যদিকে বেইজিংয়ের এ দাবি প্রত্যাখ্যান করেছে তাইওয়ান। আর এই ইস্যুতে তাইওয়ানকেই সমর্থন দিচ্ছে বাইডেন প্রশাসন।

আগামী ১৩ জানুয়ারি তাইওয়ানে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ধারণা করা হচ্ছে, এ নির্বাচনকে সামনে রেখেই নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে চীন। গত মাসে তাইওয়ানের ‘কৌশলগত তথ্য ব্যবস্থাপনার’ জন্য ৩০০ মিলিয়ন মার্কিন ডলারেরর সরঞ্জাম সহায়তা দিয়েছে ওয়াশিংটন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD