নড়াইলের কালিয়া উপজেলায় কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি এবং সাবেক পৌর মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িসহ অন্তত ৫০ থেকে ৬০টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় এই সহিংসতার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, সন্ধ্যার পর হঠাৎ করে একদল উত্তেজিত লোক লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন বাড়িতে চড়াও হয়। তারা কালিয়া পৌরসভার সাবেক মেয়র ফকির মুশফিকুর রহমান লিটনের বাড়িতে প্রথমে হামলা চালায় এবং পরে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। একই সময়ে কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়িতেও হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
এলাকায় দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক উত্তেজনার জেরে এই সহিংসতা ছড়িয়ে পড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আকস্মিক এই হামলায় পুরো কালিয়া উপজেলাজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার চেষ্টা করছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ততক্ষণে বেশ কয়েকটি বাড়ি ও স্থাপনা পুড়ে ছাই হয়ে যায়। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরববাংলা টিভি