নওগাঁর বদলগাছীতে প্রথম স্ত্রী জীবিত থাকা অবস্থায় তাঁর আপন ছোট বোনকে গোপনে বিয়ে করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ও ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। এই অনৈতিক ও সামাজিকভাবে অগ্রহণযোগ্য ঘটনার পর থেকেই স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা ছড়িয়ে পড়ে এবং অভিযুক্ত ওই যুবককে তাঁর কর্মস্থল থেকেও আনুষ্ঠানিকভাবে অব্যাহতি দেওয়া হয়। পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করলে স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা মিলে এক অভিনব শাস্তির ব্যবস্থা করেন।
ঘটনার বিবরণ অনুযায়ী, প্রথম স্ত্রী বাড়িতে থাকা অবস্থাতেই তাঁর ছোট বোনকে বিয়ে করায় স্থানীয় সমাজপতি ও এলাকাবাসী একত্রিত হয়ে এক বিচার সভার আয়োজন করেন। সেই বিচারে অভিযুক্ত যুবকের মুখমণ্ডলে চুনকালি মাখিয়ে এবং গলায় জুতার মালা ঝুলিয়ে পুরো এলাকা ঘোরানো হয়। পরবর্তীতে চরম অপমানজনক ও অবমাননাকর এই পরিস্থিতির মধ্য দিয়ে তাঁকে শ্বশুড় বাড়ি থেকেও চিরতরে বিদায় করে দেওয়া হয়। এই ঘটনার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে পড়লে বিষয়টি নিয়ে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্থানীয় সচেতন নাগরিকরা জানান, সমাজে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড রোধ করতে এবং পারিবারিক অনুশাসন বজায় রাখতে এই ধরনের কঠোর সামাজিক পদক্ষেপ অত্যন্ত জরুরি ছিল। তবে আইন নিজের হাতে তুলে না নিয়ে সামাজিকভাবে বয়কট করার পক্ষেও মত দিয়েছেন অনেকে। বর্তমানে বিষয়টি নিয়ে বদলগাছীজুড়ে নানা আলোচনা ও সমালোচনার ঝড় বইছে।
আরববাংলা টিভি/ডেস্ক