জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ও গাইবান্ধা বালাসী ফেরিঘাট টার্মিনাল প্রায় ১৪৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত হলেও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অপরিকল্পিত ড্রেজিং ও তীব্র নাব্য সংকটের কারণে প্রায় পাঁচ বছর ধরে কার্যত অচল অবস্থায় পড়ে আছে। এই গুরুত্বপূর্ণ রুটটি সচল করার জন্য অতীতে বিভিন্ন রাজনৈতিক দল ও স্থানীয় জনসাধারণ দাবি জানালেও সাবেক স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার এই গুরুত্বপূর্ণ মাধ্যমটি আজ স্থবির হয়ে পড়েছে।
ফেরি চলাচলের জন্য প্রয়োজনীয় গভীরতা বজায় না থাকায় এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে টার্মিনাল দুটির পন্টুন ও গ্যাংওয়ে পলি জমে নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা জানিয়েছেন, এই রুটটি সচল থাকলে জামালপুর ও গাইবান্ধার মধ্যকার দূরত্ব এবং যাতায়াত খরচ বহুলাংশে কমে যেত। কিন্তু বিআইডব্লিউটিএর উদাসীনতার কারণে শত কোটি টাকার এই সরকারি প্রকল্প কোনো কাজেই আসছে না।
বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সচেতন মহল ও ব্যবসায়ী সমাজ এই নৌপথটি দ্রুত চালুর দাবি জানিয়েছেন। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে কার্যকর ড্রেজিং পরিচালনা করে বাহাদুরাবাদ-বালাসী ফেরিঘাট টার্মিনাল সচল করার জোর দাবি জানান, যাতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা এর সুফল ভোগ করতে পারেন।
আরববাংলা টিভি/ডেস্ক