থাইল্যান্ডে এক পুলিশ কর্মকর্তা তার শিক্ষিকা স্ত্রীকে গুলি করে নির্মমভাবে হত্যা করেছেন। বুধবার ব্যাঙ্ককের দক্ষিণ-পূর্বে অবস্থিত চোনবুরি প্রদেশে একটি কিন্ডারগার্টেনে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।
প্রাথমিক তথ্যে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ওই পুলিশ সদস্য বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে তার স্ত্রীর ওপর চড়াও হন এবং প্রকাশ্যে গুলি চালান। ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত কর্মকর্তাকে আটক করে। ঘটনার সময় বিদ্যালয়ের কোমলমতি শিশুরা উপস্থিত থাকায় তাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিতে স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে।
নিহত শিক্ষিকার পরিবার ও সহকর্মীরা এই হত্যাকাড়কণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং দোষী পুলিশ সদস্যের সর্বোচ্চ শাস্তির দাবি তুলেছেন। থাইল্যান্ডের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং ঘটনার পেছনের মূল কারণ উদঘাটনে কাজ চলছে। পাশাপাশি, কর্মক্ষেত্রে ও জনবহুল স্থানে নিরাপত্তা জোরদার করার জন্য বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে।
আরববাংলা টিভি/ডেস্ক