ময়মনসিংহের ত্রিশাল সদর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের দ্বিতল ভবন নির্মাণের দীর্ঘ ২০ বছর পেরিয়ে গেলেও সেখানে অদ্যাবধি নিয়োগ দেওয়া হয়নি কোনো প্রয়োজনীয় জনবল। ফলে প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্যকেন্দ্রটি দীর্ঘদিন ধরে সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে এবং এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয় সাধারণ মানুষ। দীর্ঘমেয়াদী এই অব্যবস্থাপনার কারণে সরকারি অর্থ অপচয়ের পাশাপাশি বর্তমানে সেখানে নষ্ট হয়ে যাচ্ছে পাঁচ থেকে ছয় লাখ টাকার মূল্যবান চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র।
স্থানীয় এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ও সুচিকিৎসার বিষয়টি মাথায় রেখে তৎকালীন সময়ে এই স্বাস্থ্যকেন্দ্রটির ভবন নির্মাণ করা হয়েছিল। কিন্তু জনবল সংকটের কারণে চালুর আগেই ভবনটি পরিত্যক্ত ভূতুড়ে বাড়িতে পরিণত হয়। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা চরম প্রশাসনিক অবহেলা এবং দুর্নীতির কারণেই মূলত তৃণমূলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার এই মহৎ উদ্যোগগুলো একে একে ব্যর্থ হয়ে পড়েছিল। চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হয়ে স্থানীয় এলাকাবাসী চরম ক্ষোভ প্রকাশ করেছেন এবং দ্রুত এই স্বাস্থ্যকেন্দ্রটি সচল করার জোর দাবি জানিয়েছেন।
সম্প্রতি সাংবাদিকদের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে স্থানীয় সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা জানান, প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারের কোটি কোটি টাকা ব্যয় করা হলেও যথাযথ তদারকির অভাবে তা আজ সাধারণ মানুষের কোনো উপকারে আসছে না। অবিলম্বে এই স্বাস্থ্যকেন্দ্রটিতে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও অন্যান্য জনবল নিয়োগ দিয়ে এটিকে পূর্ণাঙ্গভাবে চালু করার দাবি জানিয়েছে স্থানীয় জনগণ। সংশ্লিষ্ট কতৃপক্ষের দ্রুত হস্তক্ষেপে এই পরিত্যক্ত স্বাস্থ্যকেন্দ্রটি পুনরায় চালু হবে এবং এলাকার মানুষ যথাযথ চিকিৎসাসেবা পাবে—এমনটাই প্রত্যাশা সকলের।
আরববাংলা টিভি/ডেস্ক