বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

টেকনাফে পাহাড়ের আস্তানা থেকে ৫৬ জিম্মি উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ ৫:৩০ পূর্বাহ্ণ

কক্সবাজারের টেকনাফের রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে সশস্ত্র মানব পাচারকারীদের গোপন আস্তানা থেকে লোমহর্ষক অভিযানে উদ্ধার হওয়া ৫৬ জিম্মিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করেছে যৌথবাহিনী। গত শুক্রবার সকালে তাদের থানায় নিয়ে আসার পর উদ্ধার হওয়া ব্যক্তিদের মুখ থেকে মানব পাচারচক্রের নৃশংস কর্মকাণ্ড ও বর্বরোচিত নির্যাতনের চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে এসেছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, প্রায় আট দিন ধরে পাহাড়ে অস্ত্রের মুখে তাদের বন্দি করে রাখা হয়েছিল এবং সামান্য পানাহারের জন্যও চরম অমানবিক পরিস্থিতির মুখোমুখি হতে হতো।

উদ্ধার হওয়া ব্যক্তিরা গণমাধ্যমকে জানান, সংঘবদ্ধ চক্রটি উন্নত জীবনের স্বপ্ন ও বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের পাহাড়ি আস্তানায় ধরে নিয়ে আসে। এরপর পরিবারের কাছে মোটা অংকের মুক্তিপণ দাবি করা হতো। মুক্তিপণের টাকা দিতে অস্বীকৃতি জানালে বা যোগাযোগ করতে ব্যর্থ হলে তাদের ওপর অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। যৌথবাহিনীর এই সফল অভিযানের ফলে একটি বড় ধরনের অপরাধ চক্রের অপতৎপরতা ভেস্তে গেছে বলে স্থানীয় সচেতন মহল মনে করছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পাহাড়ে অপরাধীদের দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উদ্ধারকৃত জিম্মিদের আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করার কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে এই মানব পাচারচক্রের মূল হোতাদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও চিরুনি অভিযান আরও জোরদার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD