নগরবাসীর দুর্ভোগ লাঘব এবং চলমান উন্নয়ন প্রকল্পের কাজের গুণগত মান নিশ্চিত করতে গভীর রাতে সিলেট নগরীর বিভিন্ন সড়কের উন্নয়নকাজ আকস্মিক পরিদর্শন করেছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গত বৃহস্পতিবার মধ্যরাতে তিনি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে দেখেন এবং নির্মাণকাজের বিভিন্ন দিক খতিয়ে দেখেন।
পরিদর্শনকালে মন্ত্রী সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের সাথে কথা বলেন এবং কাজের মানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে কড়া নির্দেশনা প্রদান করেন। তিনি জানান, সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতেই এই উন্নয়নমূলক কাজগুলো দ্রুত এবং টেকসইভাবে সম্পন্ন করতে হবে। রাতের বেলা কাজের গতি ও মান কেমন হচ্ছে, তা নিজেই সরেজমিন দেখতে এই আকস্মিক পরিদর্শন করেছেন তিনি।
সাংবাদিকদের সাথে আলাপকালে বাণিজ্যমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো প্রতিটি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। অনিয়ম বা দুর্নীতির কোনো সুযোগ দেওয়া হবে না। নির্ধারিত সময়ের মধ্যেই যাতে নগরবাসী উন্নত অবকাঠামো ও চলাচলের সুফল পেতে পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার তাগিদ দেন তিনি।
এ সময় স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন দপ্তরের প্রকৌশলীরা মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন। তারা মন্ত্রীর নির্দেশনা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন এবং কাজের গুণগত মান বজায় রাখতে নিয়মিত তদারকি চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আরববাংলা টিভি/ডেস্ক