ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালার নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন রাজ্য কংগ্রেস নেতা ভিডি সতীশন। আজ সোমবার রাজধানী তিরুঅনন্তপুরমের কেন্দ্রীয় স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন তিনি এবং তার মন্ত্রিসভার ২০ জন সদস্য।
শপথবাক্য পাঠ করিয়েছেন কেরলের রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরালার বিদায়ী মুখ্যমন্ত্রী ও ভারতের কমিউনিস্ট পার্টির (মার্কসিস্ট) রাজ্য পর্যায়ের নেতা পিনারাই বিজয়ন, ভারতের কেন্দ্রীয় পার্লামেন্ট লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কেরালার ওয়ানাড জেলার এমপি প্রিয়াঙ্কা গান্ধী, ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সর্বভারতীয় প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়্গে।
রাজনৈতিক সৌজন্য বজায় রেখে বিজয়নের পাশাপাশি কেরালার বিজেপি সভাপতি রাজীব চন্দ্রশেখরকেও শপথগ্রহণে আমন্ত্রণ জানিয়েছিল রাজ্যসরকার। কেরালা বিধানসভার নতুন বিরোধী দলনেতা বিজয়নের পাশাপাশি চন্দ্রশেখরও শপথগ্রহণে উপস্থিত ছিলেন।
কেরালায় এক দশক পরে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস। সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে কেরলের ১৪০টি আসনের মধ্যে ১০২টিতে জয়ী হয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইউডিএফ। সিপিএম-এর নেতৃত্বাধীন বাম জোট এলডিএফ পেয়েছে মাত্র ৩৫টি আসন। ভোটগণনার ১০ দিন পরে গত বৃহস্পতিবার কেরালার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে সতীশনের নাম ঘোষনা করে কংগ্রেস। সতীশন টানা ৬ বার বিধানসভায় জয়ী হয়ে আসছেন সতীশন। গত ৫ কেরালা বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন তিনি।
সতীশন ছাড়াও কেরালার মুখ্যমন্ত্রী হওয়ার দৌ়ড়ে ছিলেন কংগ্রেস সংগঠনের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল এবং বর্ষীয়ান নেতা রমেশ চেন্নিতালা। বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে সতীশনের নাম ঘোষণা করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা কেরালার দায়িত্বপ্রাপ্ত দীপা দাশমুন্সি।
কংগ্রেসের একটি সূত্রের বরাতে জানা গেছে , কংগ্রেস পরিষদীয় দল মুখ্যমন্ত্রী হিসাবে বেণুগোপালের নাম প্রস্তাব করেছিল। কিন্তু বিধায়কদের একাংশ সতীশনকে মুখ্যমন্ত্রী করার দাবি জানান। এই অংশটির যুক্তি ছিল ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ইউডিএফ এবং কংগ্রেসের শোচনীয় পরাজয়ের পর দলকে জয়ের রাস্তায় ফিরিয়েছেন সতীশনই। বিধায়কদের দাবির প্রতি সম্মান জানিয়েই মুখ্যমন্ত্রী করা হয়েছে সতীশনকে।