ঝিনাইদহের কালীগঞ্জে বহুল আলোচিত মুফতি আমির হামজার তাফসিরুল কুরআন মাহফিল আয়োজনের অনুমতি দেয়নি জেলা প্রশাসন। আগামী কাল শুক্রবার তের নভেম্বর জুমার নামাজের পর নলডাঙ্গা সরকারি ভূষণ হাইস্কুল মাঠে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে এই তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত প্রশাসনের তরফ থেকে অনুমতি না পাওয়ায় নির্ধারিত এই ধর্মীয় অনুষ্ঠানটি স্থগিত করতে বাধ্য হয়েছেন আয়োজকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাহফিল সফল করতে আয়োজক কমিটি সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছিল। এমনকি প্যান্ডেল তৈরি ও প্রচার-প্রচারণার কাজও প্রায় শেষ পর্যায়ে ছিল। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির অজুহাত দেখিয়ে শেষ মুহূর্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাহফিলের অনুমতি দেওয়া হয়নি। এতে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমান ও মুফতি আমির হামজার ভক্তদের মধ্যে গভীর হতাশার সৃষ্টি হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয়েছে, তারা প্রশাসনের নির্দেশনা মেনে চলার সিদ্ধান্ত নিয়েছেন এবং পরবর্তীতে পরিবেশ অনুকূলে এলে পুনরায় মাহফিলের অনুমতি চেয়ে আবেদন করবেন।
উল্লেখ্য যে, বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলেও ইসলামিক বক্তাদের ওয়াজ মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানে নানা ধরনের প্রশাসনিক বাধা ও হয়রানির শিকার হতে হতো। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর ধর্মীয় বক্তারা স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ পেলেও বিভিন্ন স্থানে এখনো নানা জটিলতার মুখোমুখি হচ্ছেন। স্থানীয় সচেতন মহল আশা করছেন, প্রশাসন ও আয়োজক কমিটির পারস্পরিক আলোচনার মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার পথ সুগম হবে।
আরববাংলা টিভি