এল নিনো পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন বিশ্ব আবহাওয়া সংস্থার মহাসচিব সেলেস্তে সাউলো ও জলবায়ু পূর্বাভাস বিভাগের প্রধান উইলফ্রান মুফুমা-ওকিয়া। চলতি বছরের শেষ নাগাদ এল নিনো শক্তিশালী থেকে অত্যন্ত শক্তিশালী পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। এর প্রভাবে বিশ্বজুড়ে বন্যা ও তীব্র খরার ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এল নিনোর প্রভাবে বৈশ্বিক তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে, যা জলবায়ু ব্যবস্থাকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দেবে। এই পরিস্থিতির কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত ও দীর্ঘমেস্থায়ী খরা দেখা দিতে পারে। বিশেষ করে কৃষি খাত, খাদ্য নিরাপত্তা এবং পানিসম্পদ ব্যবস্থাপনার ওপর এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
জাতিসংঘের আবহাওয়াবিদরা সংশ্লিষ্ট দেশগুলোকে আগাম প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন। সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বিশ্বনেতাদের এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে, যাতে জনজীবন ও অর্থনীতির ক্ষয়ক্ষতি সর্বনিম্ন পর্যায়ে রাখা সম্ভব হয়।
আরববাংলা টিভি/ডেস্ক