বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

ভিক্টোরিয়া নির্বাচনে মুসলিম ভোটারদের নতুন কৌশল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের আসন্ন নির্বাচনে নিজেদের রাজনৈতিক কৌশল পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে মুসলিম ভোটারদের অধিকার নিয়ে কাজ করা প্রভাবশালী সংগঠন মুসলিম ভোটস ম্যাটার বা এমভিএম। মূলত পরিবর্তিত বৈশ্বিক ও স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপটের কথা মাথায় রেখে এই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে গণমাধ্যমকে জানান হয়েছে যে, গত বছরের ফেডারেল নির্বাচনে ফিলিস্তিন ইস্যুতে লেবার পার্টির বিরুদ্ধে সরাসরি কঠোর অবস্থান নেওয়া হয়েছিল। তবে এবারের নির্বাচনে প্রেক্ষাপট ভিন্ন।

এবারের রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি ও বর্ণবাদী দল ওয়ান নেশনের ক্রমবর্ধমান প্রভাব ও উপস্থিতি ঠেকাতে বিশেষ কৌশল হাতে নিয়েছে সংগঠনটি। এই উদ্দেশ্যে তারা এবার লেবার পার্টির কিছু প্রার্থীর বিরুদ্ধে আগের মতো কঠোর অবস্থান থেকে সরে এসে কৌশলগত সমঝোতার কথা ভাবছে। মূলত উগ্র ডানপন্থি শক্তির উত্থান রোধ করাকেই এখন প্রধান অগ্রাধিকার হিসেবে দেখছে অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায়। স্থানীয় বিশ্লেষকদের মতে, এই কৌশলগত পরিবর্তনের ফলে ভিক্টোরিয়ার নির্বাচনী সমীকরণে বড় ধরনের প্রভাব পড়তে পারে এবং মূলধারার রাজনৈতিক দলগুলোকে মুসলিম ভোটারদের দাবিদাওয়া আরও গুরুত্বের সাথে বিবেচনা করতে বাধ্য করবে।

অস্ট্রেলিয়ার রাজনীতিতে বিগত কয়েক বছর ধরে মুসলিম ভোটারদের অংশগ্রহণ এবং সংগঠিত ভূমিকা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংকট এবং ফিলিস্তিন ইস্যু দেশটির মূলধারার রাজনীতিতে গভীর প্রভাব ফেলছে। এমভিএম-এর এই নতুন রাজনৈতিক পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট হয়ে উঠেছে যে, মুসলিম জনগোষ্ঠী তাদের ভোটকে একক কোনো দলের পক্ষে স্থায়ীভাবে বন্দি না রেখে পরিস্থিতি ও আদর্শের ভিত্তিতে পরিবর্তন করতে প্রস্তুত, যা দীর্ঘমেয়াদে দেশটির রাজনৈতিক দলগুলোকে আরও বেশি দায়িত্বশীল হতে বাধ্য করবে বলে আশা করা হচ্ছে।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD