সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন

ইশরাকের পিস্তল উঁচানো ত্রাসের রাজত্বের বহিঃপ্রকাশ: জামায়াত

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ ১১:৪৯ অপরাহ্ণ

মাদকবিরোধী অভিযানের নামে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন গেন্ডারিয়া এলাকায় পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্বের ইঙ্গিত দেয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি।

গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দায়িত্বশীল একজন মন্ত্রীর এ ধরনের আচরণ জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে ত্রাসের রাজত্ব কায়েমের যে চেষ্টা চলছে, এই ঘটনা তারই একটি সুস্পষ্ট বহিঃপ্রকাশ। এ ধরনের বেআইনি ও মারমুখী কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

তিনি আরও বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে বিরোধী মতের ওপর দমনপীড়ন চালানোর সংস্কৃতি আজ নতুন রূপে দেখা যাচ্ছে। কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সেই কুশাসন থেকে দেশবাসী মুক্ত হলেও এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। অবিলম্বে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান জামায়াতের এই শীর্ষ নেতা।

আরববাংলা টিভি/ডেস্ক

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD