ঢাকা থেকে চট্টগ্রামগামী জনপ্রিয় ট্রেন চট্টলা এক্সপ্রেসে যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়া অতিরিক্ত টাকা আদায়, জরিমানার নামে নানাভাবে হয়রানি এবং চরম অসদাচরণের গুরুতর অভিযোগ উঠেছে দায়িত্বরত টিকিট পরিদর্শকদের বা টিটিইদের বিরুদ্ধে। ট্রেনটির বিভিন্ন বগিতে নিয়মিত যাতায়াতকারী সাধারণ যাত্রীদের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়েছে। যাত্রীদের দাবি, কোনো ধরনের নিয়মনীতি বা তোয়াক্কা না করে টিটিই ও তাদের সহযোগীরা এই অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
ভুক্তভোগী যাত্রীদের ভাষ্যমতে, অনেক সময় বৈধ টিকিট থাকা সত্ত্বেও যাত্রীদের নানা অজুহাতে হয়রানি করা হয় এবং বিনা টিকিটের যাত্রীদের কাছ থেকে সরকারি রসিদ না দিয়ে গোপনে নগদ অর্থ পকেটে তোলেন এসব অসাধু কর্মীরা। প্রতিবাদ করলে ট্রেন থেকে নামিয়ে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়। এক সময় ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে রেলওয়ে খাতে নানা অনিয়মের কথা শোনা গেলেও, বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতেও কিছু অসাধু চক্রের এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে উঠেছেন সাধারণ মানুষ। তবে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ পেলে এসব ঘটনার বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিশেষজ্ঞরা মনে করেন, রেলের সেবার মান বাড়াতে এবং যাত্রীদের যাতায়াত নিরাপদ ও স্বস্তিদায়ক করতে অবিলম্বে এসব অনিয়ম ও দুর্নীতি দমন করা প্রয়োজন। রেলওয়ের সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ফেরাতে এবং টিটিইদের এহেন অশুভ তৎপরতা বন্ধ করতে কর্তৃপক্ষের কঠোর নজরদারি দাবি করেছেন সাধারণ যাত্রীরা।
আরববাংলা টিভি/ডেস্ক