ভোলার চরফ্যাশনে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের নামে চরম অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বিজয়ী মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে পুরোনো, দাগযুক্ত, মলিন এবং ছেঁড়া বই। হঠাৎ করে এমন নিম্নমানের ও পুরোনো বই পুরস্কার হিসেবে দেওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কোমলমতি শিশুদের উৎসাহিত করার পরিবর্তে এমন অপমানজনক আচরণে স্থানীয় সচেতন মহলেও তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
অনুষ্ঠানে বিতরণকৃত বইগুলোতে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হিসেবে শেখ মুজিবুর রহমানের নাম ও বিভিন্ন তথ্য অন্তর্ভুক্ত থাকায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। এ বিষয়ে অভিভাবকরা অভিযোগ করে গণমাধ্যমকে জানান, কোমলমতি শিশুদের মাঝে সুস্থ সংস্কৃতি ও জ্ঞানচর্চা প্রসারের পরিবর্তে ফাউন্ডেশনের পক্ষ থেকে বিতর্কিত ও জীর্ণশীর্ণ বই বিতরণ করা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। ইসলামিক ফাউন্ডেশন একটি রাষ্ট্রীয় ও ধর্মীয় প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও সেখানে দায়িত্বে অবহেলা এবং শিশুদের অনুভূতির প্রতি এমন উদাসীনতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন স্থানীয়রা।
এই ঘটনার পর এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অভিভাবক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জোরালো দাবি জানিয়েছেন। ভবিষ্যতে শিশুদের প্রতিযোগিতায় এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি রোধে ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রীয় কর্তৃপক্ষের কঠোর নজরদারি প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি/ডেস্ক