কূটনৈতিক সমাধানে পৌঁছাতে ইরান প্রস্তুত। তবে দেশটির ওপর সামরিক হামলা হলে আরো কঠোর ও বিধ্বংসী জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে তিনি এই কঠোর অবস্থান তুলে ধরেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে চলমান উত্তেজনার মধ্যেই তেহরানের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হলো।
বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, যুদ্ধ বা সংঘাত কোনো স্থায়ী সমাধান আনতে পারে না। তেহরান সবসময় আলোচনার মাধ্যমে সমস্যার শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী। তবে যেকোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে তারা পিছপা হবে না। দেশের প্রতিরক্ষায় তেহরান যেকোনো কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে ইরানের এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে আলোচনার টেবিলে বসার সদিচ্ছা প্রকাশ, অন্যদিকে সম্ভাব্য সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি—এই দ্বিমুখী নীতি দেশটির কৌশলগত অবস্থানেরই বহিঃপ্রকাশ। আন্তর্জাতিক সম্প্রদায়ের একাংশের মতে, মধ্যপ্রাচ্যের শান্তি বজায় রাখতে কূটনৈতিক প্রচেষ্টার বিকল্প নেই।
আরববাংলা টিভি/ডেস্ক