সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে নিজ বাসার শীতাতপ যন্ত্র বা এসি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক প্রবাসী বাংলাদেশির। নিহত যুবকের নাম মামুনুর রশীদ (৩৬)। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। প্রবাসে এমন আকস্মিক মৃত্যুর ঘটনায় তার গ্রামের বাড়িতে এবং স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, জীবিকার অন্বেষণে বেশ কিছুদিন আগে আমিরাতে পাড়ি জজম করেছিলেন মামুনুর রশীদ। আবুধাবিতে তিনি নিজ আবাসস্থলে অবস্থান করছিলেন। ঘটনার দিন নিজ ঘরের নষ্ট হয়ে যাওয়া শীতাতপ যন্ত্রটি তিনি নিজেই ঠিক করার চেষ্টা করছিলেন। ওই সময় কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
বর্তমানে তার মরদেহ আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রবাসীদের নিরাপত্তা ও বিভিন্ন দুর্ঘটনার বিষয়ে সংশ্লিষ্টরা আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন। বিদেশে গিয়ে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর মিছিল যেন আর দীর্ঘ না হয়, সে বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দিচ্ছেন স্থানীয় কমিউনিটির নেতারা।
আরববাংলা টিভি/ডেস্ক