শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

আধুনিক হচ্ছে কিশোরগঞ্জের পাগলা মসজিদ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৮:০৫ অপরাহ্ণ

মুসল্লিদের নামাজের জায়গার সংকট দূর করতে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সে নতুন করে উন্নয়নকাজ শুরু হয়েছে। ১ কোটি ১০ লাখ টাকার বেশি ব্যয়ে নির্মাণ করা হচ্ছে তিনটি নতুন নামাজের শেড। মূলত প্রতি শুক্রবার দেশের দূরদূরান্ত থেকে হাজার হাজার মুসল্লি এই মসজিদে জুমার নামাজ আদায় করতে আসেন। দীর্ঘদিন ধরে জায়গা সংকুলান না হওয়ায় অনেক মুসল্লিকে রোদ ও বৃষ্টিতে ভিজে বাইরে রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করতে হতো। এই সমস্যার স্থায়ী সমাধানের জন্য মসজিদ কমিটি এবং স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই আধুনিকায়ন ও সম্প্রসারণের কাজ হাতে নেওয়া হয়েছে।

মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, শুধু নামাজের শেড নির্মাণই নয়, এর পাশাপাশি অজুখানা আধুনিকায়ন, টয়লেট কমপ্লেক্স নির্মাণ এবং মুসল্লিদের নিরাপত্তা জোরদার করার জন্য পুরো চত্বরে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। ঐতিহাসিক এই মসজিদটির দানবাক্সে প্রতি তিন-চার মাস পরপর কোটি টাকার বেশি নগদ অর্থ এবং বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। এসব দানের অর্থ দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ পরিচালনার পাশাপাশি মসজিদের উন্নয়নমূলক কাজ সম্পন্ন করা হচ্ছে। নতুন এই নির্মাণকাজ শেষ হলে কিশোরগঞ্জ তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিরা আরও স্বাচ্ছন্দ্য ও শান্তিপূর্ণ পরিবেশে ইবাদত করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD