শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫ ১২:৪৩ pm

সৌদি আরবে ডেলিভারি করতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় ইমরান হোসেন (২৫) নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, রোববার জেদ্দায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহীমপুর গ্রামের ৪নং ওয়ার্ডের মিয়াজান ফরাজী বাড়ির নুর নবীর ছেলে। তার বাবা বিরাহীম পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিয়ন হিসেবে কর্মরত।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ইমরান হোসেন হাংগার স্টেশন নামে একটি কোম্পানিতে ফুড ডেলিভারি রাইডার হিসেবে কর্মরত ছিলেন। রোববার জেদ্দার একটি এলাকায় ফুড ডেলিভারি দিতে গিয়ে ট্রাকচাপায় গুরুতর আহত হন। পরে জেদ্দায় অবস্থিত একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, ইমরান শান্ত স্বভাবের ভদ্র ও পরিশ্রমী একজন তরুণ ছিলেন। তার এভাবে চলে যাওয়া পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ইমরানের বাবা নুর নবী ঢাকা পোস্টকে বলেন, সংসারের হাল ধরতে এবং ভালো একটি ভবিষ্যতের আশায় গত বছর আমার একমাত্র ছেলেকে সৌদি আরব পাঠাই। কিন্তু আজ তাকে হারালাম। সরকারের কাছে আমার আকুল আবেদন, আমার ছেলের মরদেহ দ্রুত দেশে আনতে যেন সহায়তা করেন।

কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) তানভীর ফরহাদ শামীম ঢাকা পোস্টকে বলেন, পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে পরিবার ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহত ইমরান সৌদি গিয়েছে এক বছর হলো। তার মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছলে সবাই কান্নায় ভেঙে পড়েন। মরদেহ দ্রুত আনার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD