রাজধানীর আজিমপুর এলাকা থেকে অভিনেতা তমাল মাহবুবকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আজিমপুরের ইরানি মাঠসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রমে তার সম্পৃক্ততা নিয়ে দীর্ঘদিন ধরে অনুসন্ধান চলছিল বলে জানা গেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীদের কার্যক্রম নিয়ে নতুন করে পর্যালোচনা শুরু হয়েছে। বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে সুবিধাভোগী কিছু সাংস্কৃতিক কর্মীর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। বিশেষ করে কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ ঘরানার দোসরদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী বর্তমানে কঠোর অবস্থানে রয়েছে। অভিনেতা তমাল মাহবুবের আটকের নেপথ্যেও এমন কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ডিবি কার্যালয়ে বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে সাংস্কৃতিক অঙ্গনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং উসকানিমূলক কর্মকাণ্ড রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে বলে ডিবি সূত্রে জানানো হয়েছে। তার আটকের খবর ছড়িয়ে পড়ার পর শিল্পাঙ্গনে নানা ধরনের আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
আরববাংলা টিভি