মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার আর নেই

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ২ অক্টোবর, ২০২৩ ৭:১৯ am

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার আর নেই।

সোমবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় জেলা শহরের বাগানবাড়ি এলাকায় তার শ্বশুরবাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

তার বয়স হয়েছিল ৬৯ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম মহিউদ্দিন খোকন গণমাধ্যমকে জানান, আল মামুন সরকার দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা রোগে ভুগছিলেন। সোমবার সকালে ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। সোমবার বাদ আছর জেলা ঈদগাহ মাঠে মরহুমের মরদেহের জানাজার অনুষ্ঠিত হবে। জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ শেরপুর কবরস্থানে দাফন করা হবে।

এদিকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তাকে একনজর দেখতে স্থানীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাধির চৌধুরী, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন প্রমুখসহ জেলা ও উপজেলার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও নানা শ্রেণি পেশার মানুষ ছুটে যান।

উল্লেখ্য, ছাত্রজীবন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন আল মামুন সরকার। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি এবং জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেন আল মামুন।

তিনি রেডক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের চেয়ারম্যান। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান ছিলেন। সর্বশেষ জেলা পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি চেয়ারম্যান পদে জয়লাভ করেন।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD