বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

সৌদিতে গাড়িচাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ ১:৩৪ pm

সৌদি আরবে গাড়িচাপায় মো. শাকিল মাঝি (২৩) নামে বাংলাদেশি এক যুবক মারা গেছেন। তিনি লক্ষ্মীপুর জেলার রায়পুরের বাসিন্দা ছিলেন।

সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের সদস্য বশির হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে, রোববার সকালে সৌদি আরবের আভা খামিজ মোসাইদ শহরে গাড়িচাপায় শাকিল মারা যান।

নিহত শাকিল রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নের হাওলাদার স্টেশন এলাকার মাঝি বাড়ির কৃষক আলিম উদ্দিন মাঝির ছেলে। আট ভাই-বোনের মধ্যে তিনি সবার ছোট।

নিহত শাকিলের বড় ভাই মনির হোসেন বলেন, প্রায় ৭ লাখ টাকা ঋণ নিয়ে ছয় মাস আগে শাকিলকে সৌদি আরব কাজের সন্ধানে পাঠানো হয়। সেখানে সে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন। ওই গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়ালে শাকিল গাড়ি নিচে চাপা পড়ে। ধারণা করা হচ্ছে, তাদের গাড়িই পেছনে নেওয়ার সময় চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। তার মরদেহ আভা শহরের সরকারি হাসপাতালের হিমঘরে রয়েছে। তার মরদেহ দেশে আনতে সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা চেয়েছেন তিনি।

দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য বশির হাওলাদার বলেন, খবর পেয়ে শাকিলের বাড়িতে যাই। তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি। ঋণের টাকা নিয়ে তাকে সৌদি আরব পাঠানো হয়েছিল। ওই টাকাও পরিশোধ করা সম্ভব হয়নি। এরমধ্যে দুর্ঘটনায় শাকিল মারা গেছে। তার মরদেহ দেশে আনতে পরিষদের পক্ষ থেকে সকল সহযোগিতা করা হবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD