মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

মেসিকে ছাড়াই চিলিকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪ ২:৩৫ পূর্বাহ্ণ

প্রায় এক দশক পর লিওনেল মেসি ও আনহেল ডি মারিয়ার কাউকেই ম্যাচে পায়নি আর্জেন্টিনা। দুই কিংবদন্তির ঘাটতি মাঠের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলে তা ছিল দেখার বিষয়। তবে সেই ঘাটতি অনেকটা পূরণ করেছেন দলের বাকি সদস্যরা। চিলির বিপক্ষে বড় জয়ই পেয়েছে লিওনেল স্কালোনির দল।

আজ শুক্রবার সকালে বুয়েনস এইরেসে চিলিকে ৩–০ ব্যবধানে বিধ্বস্ত আর্জেন্টিনা। তিনটি গোলই এসেছে দ্বিতীয়ার্ধে। জালের দেখা পেয়েছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ ও বদলি হয়ে নামা পাওলো দিবালা।

ম্যাচের শুরুটা প্রত্যাশামত করতে পারেনি আর্জেন্টিনা। প্রথামার্ধে নিজেদের গুছিয়ে নিতে বেশ খানিকটা সময় নিয়েছে তারা। সেই সুযোগ নেওয়ার চেষ্টা করেছে চিলি। তবে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। তাতে প্রথমার্ধ শেষ হয় গোল শূন্য ড্রয়ে।

বিরতি থেকে ফিরে ধার বাড়ায় আর্জেন্টিনা। ৪৮তম মিনিটে প্রথমবার গোলের দেখা পায় তারা। আলভারেজ চলতি বলই ক্রস করেন চিলির গোলপোস্টের সামনে। সেখান থেকে ম্যাক অ্যালিস্টার শট নিয়ে গোল করেন।

৮৪তম মিনিট আর্জেন্টাইনদের হয়ে দ্বিতীয় গোল করেন আলভারেজ। চিলির বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দারুণ শটে জালের দেখা পান তিনি। অতিরিক্ত সময়ের খেলায় ব্যবধান আরো বাড়ান ম্যাক অ্যালিস্টারের জায়গায় ৭৯ মিনিটে বদলি হয়ে নামা দিবালা। মেসির ১০ নম্বর জার্সি পরে আজ খেলেছেন তিনি।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। দ্বিতীয় উরুগুয়ের চেয়ে ৫ পয়েন্ট ব্যবধানে এগিয়ে স্কালোনির দল। শীর্ষ ৬টি দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। সপ্তম দলকে খেলতে হবে প্লে অফ।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD