মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

ভারত সিরিজের দল ঘোষণা কবে, যা বলছে বিসিবি

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪ ৯:৩৮ পূর্বাহ্ণ

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর ইতোমধ্যে দেশে ফিরেছে বাংলাদেশ দল। ইতিহাস গড়া সিরিজ শেষে বুধবার রাত ১১টা নাগাদ ঢাকায় এসে পৌঁছান নাজমুল হোসেন শান্তরা। দুই বহরে দেশে ফিরেছেন ক্রিকেটাররা।

পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজ শেষে অবশ্য খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন না শান্তরা। এবার লক্ষ্য ভারতের মাটিতে আসন্ন দুই ফরম্যাটের সিরিজ। দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে সেই অভিযান শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর, শেষ হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি দিয়ে।

চেন্নাইয়ে হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে কানপুরে। পরবর্তীতে দুই দল ১২ অক্টোবর থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। বাংলাদেশ-ভারতের দুই টেস্টের সিরিজ আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের অংশ।

এদিকে, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দল শিগগিরই ঘোষণা করা হবে বলে ঢাকা পোস্টকে বিসিবির এক নির্বাচক নিশ্চিত করেছেন। তিনি বলছিলেন, ‘খুব বেশি দেরি করব না। দ্রুতই হবে। কেননা খুব একটা কাঁটাছেড়ার কিছু নেই। আগামী ১০ তারিখের মধ্যে আমরা বিসিবিকে দল দিয়ে দেব।’

দলে কোনো ক্রিকেটারের ইনজুরির শঙ্কা আছে কি না জানতে চাইলে এই নির্বাচক জানান, ‘কোনো সমস্যা নেই সবাই ভালো আছে। জয়ের (মাহমুদুল হাসান) সমস্যাও সেরে উঠেছে। ১০ দিনের বিশ্রামে রয়েছেন পেসার শরিফুল ইসলাম।

পাকিস্তানকে তাদেরই মাঠে ২-০ ব্যবধানে সিরিজ হারিয়ে টাইগাররা নিজেদের টেস্ট সক্ষমতার জানান দিয়েছে। ভারতের বিপক্ষে নাজমুল হোসেন শান্তদের লড়াইটা তুলনামূলক কঠিন হলেও, সেখানেও ভালো করার লক্ষ্য তাদের। সিরিজটি জিতে টাইগাররা টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে চতুর্থ অবস্থানে উঠেছে। যার শীর্ষে রয়েছে ভারত। এরপর দুই-তিনে আছে যথাক্রমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD