রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

ফসলি জমি নষ্ট করে, অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার প্রতিবাদে মানববন্ধন

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪ ৬:৫৯ পূর্বাহ্ণ

জসিম উদ্দিন সরকার, সিঙ্গাইর (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বলধারা ইউনিয়নের জইল্যা গ্রামের পূর্ব জইল্যা চকে অবৈধভাবে ভেকু দিয়ে মাটি কাটার প্রতিবাদে ও বিএডিসির সেচ ব্যবস্থা ও কৃষিজমি রক্ষায় মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (২৪জানুয়ারি) বিকেলে সিঙ্গাইর উপজেলার বলধারা ইউনিয়নের পূর্ব জইল্যা চকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিয়েও কোন কাজ হয়নি। থামছেনা মাটি কাটা। স্থানীয় কয়েকটি ইটভাটার মালিকরা এখান থেকে মাটি কাটছে বলে তারা অভিযোগ করেন তারা।

তারা বলেন, তাদেরকে কৌশলে জমি বিক্রি করতে বাধ্য করা হয়। পাশের জমিনে এমন ভাবে মাটি কাটা হয় যে, কাটা জমি পুকুরে পরিনত হয়। তারা জমিতে কোন আইলও রাখেন না। এভাবে ওই কাটা জমির পাশের জমিটি এক সময় বৃষ্টির ফলে পানির ঢলে ভাঙ্গতে শুরু করে। এরফলে পাশের কৃষি জমিটি চাষাবাদে অনুপোযোগী হয়ে পরে। তাই ওই জমির মালিক উপায়ন্ত না পেয়ে জমি বিক্রি করে দিতে বাধ্য হন।

অনেকেই ক্ষোভের সাথে বলেন, গত বছর আমরা মাটিকাটা বন্ধের দাবিতে প্রশাসনের কাছে গণস্বাক্ষর করেছিলাম। এ বছরও আমরা গণস্বাক্ষর করেছি। তারপরও ভূমি খেকোরা ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটায় নিয়ে যাচ্ছে। গতবছর রাতের আঁধারে মাটি কাটলেও এবার তারা প্রকাশ্যে দিবালোকে মাটি কাটছে। মাটি কাটতে নিষেধ ও প্রতিবাদ করলে তারা বিভিন্ন রকমের হুমকি ধামকিও দিচ্ছে।

জহিরুল ইসলাম বলেন, আমাদের এ চকটি এখন মাটি খেকোদের টার্গেটে পরিণত হয়েছে। মাটি কাটায় পাশের ফসলি জমি ধ্বসে পড়ছে। প্রশাসন এটি মানবিকভাবে দেখবেন বলে তিনি আশা করেন।

সুলতানা বিবি বলেন, জইল্যার চকে আমাদের ফসলি জমে রয়েছে। বর্তমানে সেখানে ভুট্টার চাষ করেছি। আমাদের জমি ঘেঁষে মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটা মালিকেরা। এভাবে মাটি কাটলে আমাদের জমিও ভেঙে পরবে। আমরা অবৈধ মাটিকাটা বন্ধ চাই।

মানববন্ধনে সোলেমান মিয়া বলেন, জইল্যার চকে আমার চার বিঘা জমি রয়েছে। গতবছরও ভূমি খেকোরা আমার জমির পাশ থেকে কেটে নিয়ে গেছে। প্রতিবাদ করেও মাটিকাটা বন্ধ করতে পারিনি। এবারও ভূমি দস্যুরা আমার জমির পাশ থেকে মাটিকাটা শুরু করেছে। মাটি কাটার ফলে এর মধ্যেই জইল্যার চকে কয়েকটি ফসলি জমি পুকুরে পরিণত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন তিনি যেন আমাদের কৃষিজমি রক্ষার একটা ব্যবস্থা করে দেন।

সাকিবুল হাসান বলেন, অবৈধভাবে মাটি কাটার জন্য বিএডিসির সরকারি সেচ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। তারা দিনে রাতে জইল্যার চক থেকে মাটি কেটে ইটভাটায় নিয়ে যাচ্ছে। আমরা আমাদের কৃষি জমি রক্ষার জন্য মানববন্ধনে দাঁড়িয়েছি। এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন করেছি। তবে এখনও কোন প্রকার প্রতিকার পাইনি। তবে আশা করি প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD