ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলনে ঢাকার রাজপথে অংশ নিয়ে ১৭০টি গুলিবিদ্ধ হয়ে চরম যন্ত্রণায় কাতরাচ্ছেন কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ধলা ইউনিয়নের কলুমা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল গফুর। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে সংঘটিত সেই গণঅভ্যুত্থানে তিনি সামনের সারিতে থেকে লড়াই করেছিলেন। কিন্তু প্রয়োজনীয় ও উন্নত চিকিৎসার অভাবে বর্তমানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এবং তার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই বলে তিনি ও তার পরিবার গণমাধ্যমকে জানান।
জানা গেছে, ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার উত্তাল আন্দোলনে অংশ নেওয়ার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৃশংস গুলিতে তার পুরো শরীর চালুনির মতো ঝাঁঝরা হয়ে যায়। তার শরীরে প্রায় ১৭০টি গুলিবিদ্ধ অবস্থায় রয়েছে। দীর্ঘ দিন ধরে চিকিৎসাধীন থাকলেও অর্ভাব এবং যথাযথ রাষ্ট্রীয় সহযোগিতার অভাবে তার সঠিক চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়নি। বর্তমানে তিনি চরম মানবেতর জীবনযাপন করছেন এবং শরীরের তীব্র যন্ত্রণা নিয়ে দিন কাটাচ্ছেন।
জুলাইয়ের এই বীর সেনানীকে বাঁচিয়ে তুলতে অবিলম্বে সরকারের পক্ষ থেকে উন্নত চিকিৎসা এবং পর্যাপ্ত আর্থিক সহায়তা প্রদান জরুরি বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল। অথচ কার্যকর কোনো পদক্ষেপ এখনও দেখা যায়নি। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর গঠিত নতুন বাংলাদেশেও যদি এমন জুলাইযোদ্ধারা অবহেলিত থাকেন, তবে তা অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। তারা দ্রুত আব্দুল গফুরের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি জোর দাবি জানিয়েছেন।
আরববাংলা টিভি