মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন

জর্জিয়ায় নিজ গাড়িতে প্রবাসী বাংলাদেশির মরদেহ, চিরকুট উদ্ধার

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪ ১০:১৪ am

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে এক প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। নিজ গাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। স্ত্রীর পরকীয়া ঠেকাতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা প্রবাসীদের।

নিহতের নাম সাজ্জাদ হাসান (৪১)। তার বাড়ি ঢাকায়। সাজ্জাদ পেশায় ছিলেন একজন প্রকৌশলী।

পুলিশ জানায়, বুধবার (১৭ জানুয়ারি) রাতে আটলান্টায় সাজ্জাদের বাসার কাছে নিজের গাড়ির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সেসময় গাড়ির ভেতর একটি চিরকুট পাওয়া যায়, সেটিকে ‘সুইসাইড নোট’ হিসেবে সংরক্ষণ করা হয়েছে।

দুই শিশুসন্তান ও স্ত্রীকে নিয়ে সাজ্জাদ জর্জিয়ার টাকের শহরে থাকতেন। ২০১৯ সাল থেকে জর্জিয়া পাওয়ার কোম্পানিতে সিনিয়র ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন তিনি।

শুক্রবার বিকেলে লরেন্সভিলে ইসলামিক সেন্টার জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিতে আসা প্রবাসীরা জানান, তারা ধারণা করছেন সাজ্জাদ পারিবারিক অশান্তির কারণে ‘আত্মহত্যা’ করেছেন।

তারা অভিযোগ করেন, গত বছরের অগাস্টে সাজ্জাদের স্ত্রী এমা তানজিমের পরকীয়া হাতেনাতে ধরা পড়ে নিকটজনের কাছে, সে সংবাদ বেশকিছু গণমাধ্যমেও প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে মনঃকষ্ট ছিলেন সাজ্জাদ। চেষ্টা করেও স্ত্রীকে ফেরাতে না পেরে আত্মহত্যা করেছেন তিনি।

জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেটর শেখ রহমান বলেন, চিরকুট থেকে অজানা অনেক কিছুই হয়ত জানা সম্ভব হবে।

আরেক প্রবাসী কাজী নাহিদ বলেন, এটাকে স্বাভাবিকভাবে নেওয়া সমীচীন হবে না। যদি কারো আচরণে সাজ্জাদ অতিষ্ঠ হয়ে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়ে থাকেন, তাহলে তাকে চিহ্নিত করা দরকার কমিউনিটির স্বার্থে।

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD