সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন

শ্রাবন্তীর স্বপ্নপূরণ

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩ ৬:২১ পূর্বাহ্ণ

টলিউডের প্রথম সারির অভিনেত্রীর মধ্যে অন্যতম শ্রাবন্তী চট্টোপাধ্যায়। মূল ধারার বাণিজ্যিক ছবিতে তার কাজের জুড়ি মেলা ভার। তবে এখন সময় নিজেকে ভেঙে চুরে দর্শকের সামনে উপস্থাপন করার। সদ্য মুক্তি পেয়েছে ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত দেবী চৌধুরানির পোস্টার। তিনটি লুকে অনবদ্য শ্রাবন্তী। ক্যারিয়ারের সাফল্য যখন মধ্য গগনে তখন এসে গেল আরও এক সুবর্ণ সুযোগ। দীর্ঘদিনের স্বপ্নপূরণ বললেও হয়তো খুব একটা ভুল বলা হবে না। কারণ একজন অভিনেত্রী হিসেবে শ্রাবন্তীর অনেক দিনের শখ উইন্ডোজের সঙ্গে কাজ করার। ‘আমার বস’ শিরোনামের এই ছবির মাধ্যমে তার সেই লালিত স্বপ্ন পূরণ হলো।

কিংবদন্তি অভিনেত্রী রাখি গুলজারের সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পেয়ে উচ্ছাসিত শ্রাবন্তী। প্রথমবার পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের সঙ্গে কাজ আর রাখির সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ পেয়ে ভগবানকেই ধন্যবাদ জানিয়েছেন শ্রাবন্তী।

অনেকটা আনন্দচিত্তে শ্রাবন্তী বলেন, ‘শিবুদার সঙ্গে কাজ করার ইচ্ছেটা আমার বহুদিনের। অনেকবার কথাবার্তাও হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আর কিছু সেভাবে হয়ে ওঠেনি। কিন্তু কথায় আছে না সব জিনিসেরই একটা নির্দিষ্ট সময় থাকে। বিধাতা হয়তো আমাকে এখন সেই সময়টা দিয়েছে যে আমি উইন্ডোজের সঙ্গে কাজ করি। আর এক্সাইটেড তো হবই। কারণ উইন্ডোজের সঙ্গে সবাই কাজ করতে চায়। আমিও চেয়েছি। আমাকে তারা যোগ্য বলে মনে করেছেন এটাই আমার সেরা প্রাপ্তি। আমি ভীষণ হ্যাপি। এই প্রজেক্টে হান্ড্রেড পার্সেন্টের বেশি দেওয়ার চেষ্টা করব।’

রাখি গুলজারের সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগটা তো যেন শ্রাবন্তীর কাছে মেঘ না চাইতেই বৃষ্টির মতো। তার কথায়, ‘রাখি গুলজার তো একজন লিজেন্ড। তার কথা আলাদা করে বলার কোনো অবকাশই নেই। আমার বাবা-মায়ের সময়কার একজন কিংবদন্তি অভিনেত্রী; যার ছবি দেখে তারা বড় হয়েছেন। আমার বাবার তো চাইল্ডহুড ক্রাশ রাখি গুলজার। তাই মা-বাবাও এই খবরটায় খুবই গর্বিত যে তাদের মেয়ে রাখি গুলজারের সঙ্গে স্ক্রিন শেয়ার করছে। আর একসঙ্গে কাজ করতে পারব এটা ভেবেই আমার তো গর্ববোধ হচ্ছেই। আশা করছি, সিনেমা মুক্তির পর সবার ভালো লাগবে।’

প্রসঙ্গত, উইন্ডোজের পক্ষে সোশ্যাল মিডিয়া পেজে ‘আমার বস’ ছবিটির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। সেখানো বলা হয়, ‘এই নতুন পথ চলায় আমাদের সঙ্গে থাকছেন শ্রদ্ধেয় রাখি গুলজার, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শুটিং শুরু আসছে জানুয়ারি মাসে। আশা করি, প্রতিবারের মতো এবারও আপনাদের পাশে পাব।’

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD