পিরোজপুরের কাউখালীতে উপমহাদেশের অন্যতম শ্রীগুরু সঙ্ঘ কেন্দ্রীয় আশ্রমের পাঁচ দিনব্যাপী আবির্ভাব উৎসব ও মিলন মেলার চতুর্থ দিনের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেছেন স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দিনব্যাপী এই পরিদর্শন কার্যক্রমে অংশ নেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
উপমহাদেশের এই ঐতিহ্যবাহী মিলনমেলায় দেশের দূরদূরান্ত থেকে লক্ষাধিক ভক্ত ও অনুসারীর সমাগম ঘটেছে। উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর ও বিশেষ নিরাপত্তাব্যবস্থা। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারির পাশাপাশি সিসি ক্যামেরা দ্বারা পুরো আশ্রম এলাকা ও এর আশপাশ নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। পরিদর্শনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা আয়োজক কমিটির সদস্যদের সাথে বৈঠক করেন এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সজাগ থাকার নির্দেশ দেন।
এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলগুলো একযোগে কাজ করে যাচ্ছে। তারা আরও উল্লেখ করেন, অতীতে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানগুলোতে নানা ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ ও বাধার সৃষ্টি করা হতো। বর্তমান গণতান্ত্রিক ও স্বাধীন পরিবেশে জনগণ মুক্তভাবে তাদের ধর্মীয় ও আধ্যাত্মিক অনুষ্ঠান পালন করতে পারছে।
কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ছাত্রলীগ অতীতে বিভিন্ন সময় এই ধরনের সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল বলে স্থানীয়রা অভিযোগ করেন। তবে বর্তমান পরিস্থিতিতে সেই সুযোগ আর নেই। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উৎসবের বাকি দিনগুলো সম্পন্ন করতে আয়োজক কমিটির পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সচেতন নাগরিক সমাজ সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে বলে গণমাধ্যমকে জানান সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি