নরসিংদীর বেলাব উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি চাঞ্চল্যকর রাজনৈতিক মামলায় শারমিন আক্তার খালেদা (৪১) নামে স্থানীয় কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ-এর এক নারী নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলাব থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গত কিছুদিন ধরে চলা রাজনৈতিক অস্থিরতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রেক্ষাপটে এই অভিযান পরিচালনা করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
গ্রেপ্তারকৃত শারমিন আক্তার খালেদা দীর্ঘদিন ধরে এলাকায় নানা ধরনের রাজনৈতিক তৎপরতার সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর লক্ষে গোপন বৈঠক ও ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এরই ধারাবাহিকতায় বেলাব থানায় দায়েরকৃত সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ওই নারীকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই নাশকতার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।
আরববাংলা টিভি