চাঁদপুরের শাহরাস্তিতে বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় ফয়সাল নামের ১৭ বছর বয়সী এক কিশোর সাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার সকাল আটটার দিকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের রাঢ়া কাজী বাড়ির সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আকস্মিক এই প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সাইকেল চালিয়ে গন্তব্যে যাওয়ার পথে পেছন দিক থেকে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই কিশোর গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। ঘটনার পরেই চালক গাড়ি ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়।
এই মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা মহাসড়কে গতিরোধক স্থাপন ও বেপরোয়া গাড়ি চালকদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। টানা প্রায় তিন ঘণ্টা সড়ক অবরুদ্ধ থাকায় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার ফলে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
খবর পেয়ে শাহরাস্তি থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঘাতক কাভার্ড ভ্যানটিকে জব্দ করা হয়েছে এবং চালককে আটকের চেষ্টা চলছে বলে জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পর এলাকাবারক অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
আরববাংলা টিভি