চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী পাঁচশ নব্বই জনের বেশি বীর শহীদের ব্যবহৃত সামগ্রী ও স্মৃতিস্মারক নিয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬। শনিবার বেলা এগারোটা ত্রিশ মিনিটে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এই প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী বলেন, চব্বিশের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার রক্তস্নাত আত্মত্যাগের ফলেই জাতি আজ নতুন বাংলাদেশের স্বাদ পাচ্ছে। কিন্তু পরাজিত ও পলাতক ফ্যাসিস্ট শক্তির দোসররা এখনো দেশ ও বিদেশে বসে রাষ্ট্রকে অস্থিতিশীল করার নানামুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাদের এই অপচেষ্টা কুণ্ডলী পাকিয়ে ওঠার আগেই দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে তা কঠোরহস্টে দমন করা হবে। তিনি আরও উল্লেখ করেন যে, ছাত্র-জনতার এই রক্তস্নাত ইতিহাসকে চিরস্মরণীয় করে রাখতে বর্তমান সরকার বদ্ধপরিকর এবং সংস্কৃতি মন্ত্রণালয় এ বিষয়ে সর্বাত্মক উদ্যোগ গ্রহণ করেছে।
অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা এবং শহীদ পরিবারের সদস্যরা ঐতিহাসিক এই প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় জুলাই অভ্যুত্থানের সেই দিনগুলোর কথা স্মরণ করে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় আয়োজকরা জানান, এই প্রদর্শনী জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং এর মাধ্যমে নতুন প্রজন্ম চব্বিশের গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস ও শহীদদের আত্মত্যাগের মহিমা সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
আরববাংলা টিভি