ভারতের রাজস্থানে সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের অন্তত ৯ জন সদস্য নিহত হয়েছেন। এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। স্থানীয় সময় শনিবার গভীর রাতে কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কের শম্ভুপুরা গ্রামের কাছাকাছি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়েছে, মহারাষ্ট্রের ধার এলাকার বাসিন্দা একই পরিবারের ১৫ জন সদস্য একটি ফোর্স ক্রুজার গাড়িতে চড়ে খাতু শ্যামজি মন্দির দর্শন শেষে নিজ বাড়ির দিকে ফিরছিলেন। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি মারাত্মক দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা ৯ জনকে মৃত বলে ঘোষণা করেন। আহত ছয়জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে, যাদের স্থানীয় হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আরববাংলা টিভি