রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

গাজায় তুরস্কের অস্থায়ী ঘর আটকে দিয়েছে ইসরাইল

আরব-বাংলা রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ ৮:৪১ পূর্বাহ্ণ

গাজায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয়ের জন্য তুরস্কের পাঠানো হাজারো অস্থায়ী ঘর প্রবেশ করতে দিচ্ছে না ইসরাইল। আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গাজার যুদ্ধবিধ্বস্ত মানুষের পাশে দাঁড়াতে আঙ্কারা সরকারের পক্ষ থেকে এই মানবিক সহায়তা পাঠানো হয়েছিল।

যে ঘরগুলো আটকে দেওয়া হয়েছে, সেগুলো মূলত তুরস্কে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের অস্থায়ী আশ্রয়ের জন্য ব্যবহার করা হয়েছিল। কিন্তু ইসরাইলি কর্তৃপক্ষ অদ্ভুত এক অজুহাত সামনে এনেছে। তাদের দাবি, এসব ঘর ধাতু দিয়ে তৈরি হওয়ায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এগুলো ভেঙে অস্ত্র তৈরিতে ব্যবহার করতে পারে। এই অবাস্তব ও অমানবিক যুক্তির কারণেই ত্রাণবাহী ঘরগুলোর প্রবেশে কঠোর বাধা সৃষ্টি করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, গাজায় ইসরাইলি আগ্রাসনের কারণে লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। শীত ও চরম দুর্যোগের মধ্যে এই অস্থায়ী ঘরগুলো ফিলিস্তিনিদের জীবন বাঁচাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারত। কিন্তু ইসরাইলের এই কঠোর নিষেধাজ্ঞার ফলে অবরুদ্ধ উপত্যকার মানবিক সংকট আরও ঘনীভূত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে বারবার ত্রাণ প্রবেশের দাবি জানানো হলেও তেল আবিব সরকার তা পাত্ত দিচ্ছে না।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষায় আন্তর্জাতিক সংস্থাসমূহকে আরও জোরালো ভূমিকা পালন করতে হবে। ফিলিস্তিনিদের মৌলিক অধিকার হরণ করে এবং মানবিক সহায়তা আটকে দিয়ে ইসরাইল আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে চলেছে। এই পরিস্থিতিতে বিশ্বনেতাদের অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আঙ্কারা।

আরববাংলা টিভি

শেয়ার করুন

আরো
© All rights reserved © arabbanglatv

Developer Design Host BD