মধ্যপ্রাচ্যে শত্রুপক্ষের সামরিক তৎপরতার ওপর সার্বক্ষণিক নজর রাখছে ইরান। একই সঙ্গে এ অঞ্চলে প্রতিপক্ষের সেনাসদস্য, যুদ্ধবিমান ও অস্ত্রের সংখ্যা, অবস্থান এবং সম্ভাব্য সামরিক পরিকল্পনা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ করেছে তেহরান। বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী এবং যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলায় সশস্ত্র বাহিনী শতভাগ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন ও ইসরায়েলি সামরিক উপস্থিতির বাড়বাড়ন্তের মধ্যেই এই কঠোর বার্তা দিল তেহরান। আইআরজিসির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা গণমাধ্যমকে জানান, শত্রুর প্রতিটি পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। দেশের আকাশসীমা, জলসীমা এবং স্থলভাগের সুরক্ষায় সামরিক বাহিনী সর্বাধুনিক প্রযুক্তি ও কৌশলগত সক্ষমতা অর্জন করেছে। যে কোনো উসকানিমূলক কর্মকাণ্ডের কঠোর ও দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এই সামরিক প্রস্তুতি কেবল আত্মরক্ষামূলক নয়, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্যে নিজেদের অবস্থান সুসংহত করার একটি বড় কৌশল। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের যেকোনো বেপরোয়া সামরিক পদক্ষেপ সমগ্র অঞ্চলে বড় ধরনের সংঘাত ডেকে আনতে পারে, আর সেই আশঙ্কা থেকেই তেহরান তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তেহরান একচুলও ছাড় দিতে রাজি নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আইআরজিসির শীর্ষস্থানীয় কমান্ডাররা।
আরববাংলা টিভি