স্বৈরাচারী শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ও পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী। সম্প্রতি তার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর থেকেই দেশজুড়ে নাশকতামূলক কর্মকাণ্ড ও রাজনৈতিক অস্থিরতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। গত ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর—এই ১২ দিনে দেশের বিভিন্ন স্থানে অন্তত ৭৪টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পাশাপাশি ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণের মতো সহিংস ঘটনা ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা।
গোয়েন্দা সূত্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, মূলত কার্যকর নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের দোসরদের একটি চক্র এই নাশকতার পেছনে সক্রিয় রয়েছে। বিশেষ করে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যকর নিষিদ্ধ আওয়ামী যুবলীগের কর্মীরা সুপরিকল্পিতভাবে জনজীবন বিপর্যস্ত করার অপচেষ্টা চালাচ্ছে। সাধারণ মানুষের মনে ভয়ভ্রীতি সৃষ্টি করতে বিভিন্ন জনবহুল এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে এবং চলন্ত বাসে আগুন দেওয়া হচ্ছে।
এই উদ্ভূত পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে এবং সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। একইসঙ্গে রাজনৈতিক অঙ্গনেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন এই নাশকতার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও শান্তি বিনষ্ট করার জন্য একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে এই ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। তবে সাধারণ জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করা সম্ভব হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
আরববাংলা টিভি