কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৯৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই সাঁড়াশি অভিযান দেশজুড়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ১১টি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়াও বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ৯৪৭ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য।
পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয় যে, সাম্প্রতিক সময়ে অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এই ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা বিধান এবং সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। অপরাধীদের বিরুদ্ধে এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
আরববাংলা টিভি