কিশোরগঞ্জের কটিয়াদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার ও ধুলদিয়া ইউনিয়ন থেকে নৌকার বৈঠা উদ্ধারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গণে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত কয়েকদিন ধরে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বিশৃঙ্খলা এড়াতে পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে সম্প্রতি অভিযান চালিয়ে বেশ কিছু রাজনৈতিক সামগ্রী ও বৈঠা উদ্ধার করা হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীকে আটক করে পুলিশ। এই অভিযানের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি উসকানিমূলক পোস্ট ছড়িয়ে পড়ে, যেখানে কটিয়াদী মডেল থানার ওসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তাকে হুমকি দেওয়া হয়।
স্থানীয় সচেতন নাগরিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলেছেন, একটি বিশেষ মহলের উসকানিতে পুলিশ প্রশাসনের ওপর চাপ সৃষ্টির অপচেষ্টা চলছে। পুলিশ প্রশাসন জানিয়েছে, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণে তারা পিছপা হবে না। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সাইবার ক্রুমে সংশ্লিষ্টদের শনাক্তকরণে কাজ শুরু হয়েছে।
আরববাংলা টিভি