ঢাকার ধামরাইয়ে কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির গেটসহ তিনটি গুরুত্বপূর্ণ স্থানে আকস্মিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই নাশকতামূলক ঘটনায় আব্দুল হালিম নামের এক সাধারণ দিনমজুর গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয়ভাবে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে ধামরাই উপজেলার কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির প্রধান গেটের সামনে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। একই সময়ে উপজেলার ব্যস্ততম বালিথা এলাকার একেএইচ গার্মেন্টসের সামনে এবং কুশুরা বাজারেও ধারাবাহিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরপর কয়েকটি বিস্ফোরণে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে ভীতি তৈরি হয়।
এই ঘটনার পর পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অপরাধীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে এই ধরনের নাশকতার পেছনে কার্যকরভাবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের গোপন নাশকতাকারীরা জড়িত থাকতে পারে বলে স্থানীয় সচেতন মহল সন্দেহ প্রকাশ করছে। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
আরববাংলা টিভি