অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের আল-দিউক এলাকায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে বর্বরোচিত গুলি চালিয়েছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। এই নৃশংস সহিংসতায় এক ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। স্থানীয় চিকিৎসা সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমকে জানান যে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার বিবরণ অনুযায়ী, পূর্ব পরিকল্পনা অনুযায়ী সশস্ত্র ইসরাইলি বসতি স্থাপনকারীরা আল-দিউক এলাকার সাধারণ ফিলিস্তিনি নাগরিকদের ওপর অতর্কিত হামলা চালায়। নির্বিচারে গুলিবর্ষণের পর গোটা এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইসরাইলি সামরিক বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় এই বসতি স্থাপনকারীরা দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চালিয়ে আসছে।
আন্তর্জাতিক মহলে এই হামলার তীব্র নিন্দা জানানো হলেও ইসরাইলি আগ্রাসন থামার কোনো লক্ষণ নেই। এর আগেও এই অঞ্চলে বহুবার ফিলিস্তিনিদের বসতি গুড়িয়ে দেওয়া এবং সাধারণ মানুষের ওপর হামলার ঘটনা ঘটেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এই হত্যাকাণ্ডের জন্য সরাসরি ইসরাইলি কতৃপক্ষকে দায়ী করেছে এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে অবিলম্বে এই বিচারহীনতার সংস্কৃতি বন্ধের দাবি জানিয়েছে।
আরববাংলা টিভি