ময়মনসিংহের ত্রিশাল ও ভালুকা শিল্পাঞ্চল এলাকায় গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের জরুরি চাহিদা মোতাবেক মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিট থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত সদস্যরা মাঠপর্যায়ে অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্ব পালন শুরু করেছেন।
গত কয়েক দিন ধরে এই শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতন পরিশোধ এবং জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন। আন্দোলনরত শ্রমিকরা সড়ক অবরোধ এবং বিভিন্ন কারখানার সামনে বিক্ষোভ প্রদর্শন করায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়। সাধারণ মানুষের যাতায়াত এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অনভিপ্রেত সহিংসতা এড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবি মোতায়েনের ফলে শিল্পাঞ্চল জুড়ে থমথমে ভাব বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে শ্রমিক ও কারখানা মালিক পক্ষের সাথে আলোচনার মাধ্যমে দ্রুত একটি শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা চলছে। শ্রমিকদের নায্য দাবি দাওয়া পূরণের পাশাপাশি উৎপাদনমুখী পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সার্বক্ষণিক টহল অব্যাহত রেখেছে বলে সাংবাদিকদের জানান সংশ্লিষ্ট কতৃপক্ষ।
আরববাংলা টিভি