নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ দশমিক ২ লিটার চোলাই মদসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মান্দা থানা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।
রোববার সকালে উপজেলার ২ নম্বর ভালাইন ইউনিয়নের অন্তর্গত চক জামদৈই বাজারে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী জানিয়েছে, মাদক নির্মূলে তাদের এই বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। সমাজের তরুণ সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এ বিষয়ে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে প্রশাসন।
আরববাংলা টিভি