পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাবওয়া শহরের একটি নীরব কবরস্থানে চিরনিদ্রায় শায়িত আছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী পদার্থবিজ্ঞানী অধ্যাপক আব্দুস সালাম। আধুনিক পদার্থবিজ্ঞানে তার অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও, নিজ জন্মভূমিতে তিনি এবং তার স্মৃতির নিদর্শন গভীর বৈষম্যের শিকার হয়েছে। তার কবরের ফলকে একসময় শ্রদ্ধার সঙ্গে লেখা ছিল প্রথম মুসলিম নোবেলজয়ী। কিন্তু পরবর্তীতে সামাজিক ও ধর্মীয় সংকীর্ণতার জেরে সেই ফলক থেকে জোরপূর্বক মুছে ফেলা হয় মুসলিম শব্দটি। বর্তমানে তার সমাধি ফলকে অত্যন্ত সংক্ষিপ্তাকারে লেখা রয়েছে শুধু প্রথম নোবেলজয়ী। একটিমাত্র শব্দ মুছে ফেলার এই ঘটনাটি কেবল একজন বিজ্ঞানীর প্রতি অসম্মানই নয়, বরং রাষ্টীয় ও সামাজিক পর্যায়ে অসহিষ্ণুতার এক গভীর ক্ষতচিহ্ন হিসেবে চিহ্নিত হয়ে আছে বিশ্বজুড়ে।
বিজ্ঞান সাধনায় অনন্য অবদানের জন্য ১৯৭৯ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার অর্জন করেন অধ্যাপক আব্দুস সালাম। তিনি ছিলেন বিজ্ঞান জগতের এক উজ্জ্বল নক্ষত্র, যার গবেষণা সাবঅ্যাটমিক কণা ও ফোর্সের সমন্বিত তত্ত্বে বিপ্লব ঘটিয়েছিল। অথচ মৃত্যুর পরও তার নিজ দেশে তাকে এই নির্মম বৈষম্যের মুখোমুখি হতে হয়। রাবওয়ার ওই কবরস্থানে আজও পড়ে রয়েছে তার সেই ক্ষতবিক্ষত স্মৃতিচিহ্ন, যা স্মরণ করিয়ে দেয় কীভাবে মেধা ও অর্জনকে সংকীর্ণ পরিচয়ের বেড়াজালে আটকে ফেলার চেষ্টা করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনার তীব্র নিন্দা জানালেও স্থানীয় রক্ষণশীল সমাজ ও কাঠামোগত বৈষম্যের কারণে পরিস্থিতি আজও বদলায়নি। বিশ্বখ্যাত এই বিজ্ঞানীর জীবনের শেষ সময় এবং মৃত্যুর পরের এই পরিণতি বিজ্ঞানমনস্ক সমাজের জন্য এক গভীর বেদনার বিষয় হয়ে রয়েছে।
আরববাংলা টিভি