যুক্তরাষ্ট্রের ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিসেবে কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কর্টেজের নাম জোরালোভাবে সামনে এসেছে। মার্কিন রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে তার ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও প্রভাবশালী ভূমিকার পরিপ্রেক্ষিতে তাকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আহ্বান জানিয়েছে ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার ডিএসএ নিউইয়র্ক সিটি শাখা।
শনিবার রাজনৈতিক মহলে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ডেমোক্রেটিক পার্টির ভেতরে এবং বাইরে তরুণ প্রজন্মের ভোটারদের মাঝে ওকাসিও-কর্টেজের গ্রহণযোগ্যতা বেশ তুঙ্গে। বিভিন্ন গণমাধ্যমকে জানান হয়েছে যে, তার নীতি এবং জনবান্ধব রাজনৈতিক অবস্থান আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে শ্রমিক অধিকার, স্বাস্থ্যসেবা এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিষয়ে তার কঠোর অবস্থান তাকে আমেরিকান তরুণ সমাজের কাছে অন্যতম জনপ্রিয় নেতা হিসেবে প্রতিষ্ঠা করেছে।
বিশ্লেষকদের মতে, ২০২৮ সালের নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেটিক পার্টির ভেতরে নতুন নেতৃত্বের যে সন্ধান চলছে, তাতে ওকাসিও-কর্টেজ অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। ডিএসএ নিউইয়র্ক সিটি শাখার এই আহ্বান কেবল একটি প্রাথমিক প্রস্তাব নয়, বরং এটি মার্কিন বামপন্থী ও উদারনৈতিক রাজনীতির ক্ষেত্রে একটি বড় মোড় পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। আগামী দিনে তার এই প্রার্থিতার বিষয়টি ডেমোক্রেটিক পার্টির অভ্যন্তরীণ সমীকরণে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে এখন থেকেই শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ।
আরববাংলা টিভি